নিখোঁজের এক সপ্তাহ পর শিম বাগানে পাওয়া গেল গৃহবধূর লাশ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাটিচাপা অবস্থায় মদিনা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার গড়েরগাও গ্রামের দিনমজুর আব্দুস ছত্তারের স্ত্রী।
শনিবার রাতে উপজেলার সলুকাবাদ ইউপির লতারগাও পশ্চিমপাড়া এলাকার একটি শিম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন।
এলাকাবাসী জানান, মদিনা আক্তার নামে ওই গৃহবধূ কিছুটা মানসিক ভারসাম্যহীন থাকায় এক সপ্তাহ পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হন মদিনা বেগম। ওই সময় তার স্বামী ভোলাগঞ্জে কোয়ারিতে শ্রমিকের কাজ করছিলেন। খবর পেয়ে তিনি পরদিন বাড়ি এসে স্ত্রীকে খুঁজতে থাকেন। এরপর শনিবার বিকেলে পার্শ্ববর্তী লতারগাও পশ্চিমপাড়ার জয়নাল আবেদিনের শিম বাগানে মাটিচাপা অবস্থায় মদিনার লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, পরিবারের লোকজন জানিয়েছেন ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি এক সপ্তাহ আগে নিখোঁজ হন। তার স্বামী একজন দিনমজুর। কেউ তাকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শিম বাগান থেকে এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।