করোনায় বিশ্বজুড়ে কমলো সংক্রমণ-মৃত্যু, বাড়লো সুস্থতা
করোনায় বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ আরো কমেছে। সেই সঙ্গে বেড়েছে সুস্থ ব্যক্তিদের সংখ্যা। রোববার বিশ্বজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৭৯৩ জন। আর মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এদিন সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৪ লাখ ১৮ হাজার ৩৪০ জন।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ প্রকাশ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।
আগের দিন শনিবার বিশ্বে করোনা শনাক্ত হয়েছিলেন ৪ লাখ ৮১ হাজার ৮৭৫ জন। মৃত্যু হয়েছিল ৮৮৬ জনের। সুস্থ হয়েছিলেন ৪ লাখ ১১ হাজার ১১৬ জন।
রোববারও বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে উঠে আসে ইতালি। দেশটিতে এদিন শনাক্ত হয়েছেন ৭৯ হাজার ৯২০ জন। মৃত্যু হয়েছে ৪৪ জনের।
এদিন সর্বোচ্চ মৃত্যু হয় ব্রাজিলে। দেশটিতে মারা যান ১০৫ জন। শনাক্ত হন ২১ হাজার ৯৬৩ জন।
বিশ্বের আরো যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো- জাপান (নতুন আক্রান্ত ৫১ হাজার ৭৩৮ জন, মৃত্যু ১৩ জন), মেক্সিকো (নতুন আক্রান্ত ৩২ হাজার ১৯৫ জন, মৃত্যু ৫৫ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩১ হাজার ৪০৬ জন, মৃত্যু ১৩ জন), তাইওয়ান (নতুন আক্রান্ত ২৭ হাজার ৮৪৪ জন, মৃত্যু ৭১ জন) এবং রাশিয়া (মৃত্যু ৩৯ জন, নতুন আক্রান্ত ৩ হাজার ৩৯৮ জন)।
বর্তমানে বিশ্বে করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৬ লাখ ৭৫ হাজার ৬৯২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮৮৮ জন। গুরুতর অসুস্থ রয়েছেন ৩৭ হাজার ৮০৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছিল চীনে।
এরপর দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অবস্থার উন্নতি না হওয়ায় ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৭৭৯ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৭৩ হাজার ২৩ জনের।
এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ৬৪ জন।