বিনামূল্যে প্রথম ডোজের ১০ কোটির মাইলফলকের দ্বারপ্রান্তে দেশ
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়ানোর দ্বারপ্রান্তে দেশ।
রোববার স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।
তিনি জানান, এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। রোববারই প্রথম ডোজ পাওয়া মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়াবে।
আরো পড়ুন> করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে
নাজমুল ইসলাম জানান, এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখের বেশি মানুষ। শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ কোটি ৪১ লাখ এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৬ লাখ।
স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা বলেন, দুই দিন ধরে শনাক্ত কমলেও করোনা সংক্রমণ নিম্নমুখী এখনো বলার সময় হয়নি। দেশে এ পর্যন্ত ঢাকায় সংক্রমণ বেশি হচ্ছে। ঢাকার কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে ৫ হাজার ২৫৩টি শয্যার মধ্যে ৪ হাজার ৫৯টিই খালি।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে ও মাস্ক পরলে করোনা পরিস্থিতি অনুকূলে থাকবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের এই পরিচালক।