করোনায় মারা গেলেন ময়মনসিংহের জেল সুপার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ (৫৮) মারা গেছেন। রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কারা অধিদফতরের এআইজি (প্রিজন্স-প্রশাসন) মুহাম্মদ মঞ্জুর হোসেন ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ১০ জুলাই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহেদকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে মারা যান।
তার মৃত্যুতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। তার গ্রামের বাড়ি দিনাজপুরে।
সুদীর্ঘ কর্মজীবনে আবু জাহেদ ছিলেন অত্যন্ত বিনয়ী, ন্যায়পরায়ণ, সদালাপী, বন্ধুবৎসল ও শৃঙ্খলাবোধ সম্পন্ন একজন মানুষ। তিনি ১৯৯১ সালে কারা বিভাগে যোগদান করেন। পরবর্তীতে যশোর ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং পাবনা, রাঙ্গামাটি, জামালপুর, নারায়ণগঞ্জ, বাগেরহাট, নেত্রকোনা, বগুড়া, ঝিনাইদহ, পাবনা ও সাতক্ষীরা জেলা কারাগারে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
এ বছর ২৪ মার্চ তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে যোগদান করেন।