শুধু মুখ ও নাক নয় করোনা চোখ দিয়েও প্রবেশ করতে পারে!
মুখ ও নাক ঠিকই ঢাকছেন মাস্কের সাহায্যে তবে আপনার চোখ কতটা সুরক্ষিত ভেবে দেখেছেন কি? যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বারবার বলা হয়েছে, চোখ, নাক ও মুখের সাহায্যেও করোনাভাইরাস প্রবেশ করতে পারে। তবে চোখের সুরক্ষা নিয়ে সেভাবে বলা হয়নি কোনো কথা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাইবোনিউক্লেয়িক অ্যাসিড (আরএনএ) যুক্ত এই ভাইরাস শুধুই মিউকাস মেমব্রেনের মাধ্যমে মানবদেহে ঢুকতে পারে। অথচ চোখ, নাক এবং মুখ এই তিন জায়গাতেই রয়েছে মিউকাস মেমব্রেন। সুতরাং শুধু মুখ ও নাক নয়, চোখের সুরক্ষার কথাও বিবেচনা করা উচিত এমনটিই জানিয়েছে আমেরিকান অ্যাকাডেমি অব অপথ্যালমোলজি (এএও)।
তাদের দেয়া পরামর্শ অনুযায়ী, কোনো রোগী জ্বর, শ্বাসকষ্ট এবং বিভিন্ন লক্ষণ নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকদের উচিত নাক এবং মুখের পাশাপাশি চোখের সুরক্ষা নিয়ে তবেই চিকিৎসা শুরু করা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চোখ নিয়ে সতর্ক থাকার কথাও মনে রাখতে হবে। কন্ট্যাক্ট লেন্স নিয়মিত পরিষ্কার রাখতে হবে। চোখে বারবার হাত দেয়া বা চোখ ঘষার অভ্যাস ছাড়তে হবে।
অন্যদিকে, সান ফ্রান্সিসকোর গ্লকোমা রিসার্চ ফাউন্ডেশন বলছে, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় নিযুক্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের চোখের সুরক্ষায় বিশেষ চশমা পরতে হবে। কন্ট্যাক্ট লেন্সের পরিষ্কার রাখা এবং চোখে হাত না দেয়ার কথাও বলছে ওই সংস্থা।
তাদের মতে, চোখের বিশেষ চারিত্রিক গঠনের জন্য হয়তো সংক্রমিত ব্যক্তির থেকে ড্রপলেট সরাসরি চোখে ঢুকবে না। কারণ বাইরের কিছু ঢোকার মুহূর্তে চোখ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। তবে হাতে ভাইরাস লেগে থাকলে তা চোখ ঘষার মাধ্যমে তা শরীরে ঢুকতে পারে।