বিয়েতে গিয়ে অন্তঃসত্ত্বাসহ ৩১ জন করোনায় আক্রান্ত
বিয়ের দাওয়াতে গিয়ে এক অন্তঃসত্ত্বাসহ ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এক মাস আগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনির কাছে বিয়ের দাওয়াতে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।-খবর এবিসি নিউজের।
সংবাদমাধ্যমটি জানায়, স্টেনওয়েল টপস শহরের একটি বিয়ের অনুষ্ঠানে অনেক মেহমান উপস্থিত হন। পরে তাদের শরীরে একের পর এক করোনাভাইরাস ধরা পড়ে।
নিউ সাউথ ওয়েলসের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেরি চ্যান্ট সংবাদমাধ্যমটিকে জানান, করোনায় আক্রান্ত ৩১ জনের মধ্যে ২৫ জন নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা। আর বাকি ছয়জন অঙ্গরাজ্যের বাসিন্দা। এর মধ্যে এক গর্ভবতী নারী রয়েছেন। এরপর তাদের সংর্স্পশে এসে আরো চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা বিয়েতে যাননি বলে নিশ্চিত হওয়া গেছে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, বিয়ের পর মালদ্বীপে হানিমুন করেছেন নবদম্পতি। দেশে ফেরার পর তাদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।
প্রাণঘাতী করোনার তাণ্ডবে অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা ৫০০-তে দাঁড়িয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভাইরাসটিতে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউ সাউথ ওয়েলসের পাঁচ বাসিন্দা রয়েছেন।