[ দেশজুড়ে ]
ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে পালালো দুর্বৃত্তরা
তৌহিদুল ইসলাম খান (ছবি: ডেইলি বাংলাদেশ)
ময়মনসিংহে ছাত্রাবাসে ঢুকে তৌহিদুল ইসলাম খান নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে ময়মনসিংহ নগরের তিনকোণা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
তৌহিদুল ইসলাম খান জেলার ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার রামেশ্বরপুর এলাকায়।
ময়মনসিংহের অতিরিক্ত এসপি (সদর সার্কেল) মো. আল-আমিন জানান, তৌহিদুলকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ছাত্রাবাসের মালিক টের পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে এবং সন্ত্রাসীদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!