ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় শিক্ষার্থী ও চাকরিজীবী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৭, ২৩ জুন ২০২৪
রাজধানীতে পৃথক দুর্ঘটনায় শিক্ষার্থী ও চাকরিজীবী নিহত
ফাইল ফটো

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টা ও সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- শিক্ষার্থী এস এম তানজিম জয় (২৬) ও বেসরকারি চাকরিজীবী মাহমুদুল হাসান (৩০)।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভোরের দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে নেত্রকোনার জারিয়া স্টেশনগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় তানজিম জয় নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে নাম-পরিচয় জানা যায়। 

জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার দর্জির মহল এলাকার বাবুল হোসেনের ছেলে তানজিম জয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া সকাল সাড়ে ১০টায় কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাহমুদুল হাসান নামে আরেক যুবক নিহত হন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই তারা মিয়া জানান, মাহমুদুল নামের ঐ যুবক সকালে কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে যাচ্ছিল। এসময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। 

জানা গেছে, সাতক্ষীরা সদরের ইটাগাছা গ্রামের শাহ আলমের সন্তান মাহমুদুল। বেসরকারি একটি প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!