ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভেঙে ফেলা হলো বঙ্গবাজারের অস্থায়ী দোকান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৯, ১৬ এপ্রিল ২০২৪
ভেঙে ফেলা হলো বঙ্গবাজারের অস্থায়ী দোকান
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে বহুতল নতুন ভবন নির্মাণের জন্য দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ভেঙে ফেলা হয়েছে অস্থায়ী সব দোকান।

মঙ্গলবার সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিষয়টি দেখভালের দায়িত্ব পালন করেন। 

এ সময় বেশ কয়েকজন ব্যবসায়ী উপস্থিত হয়ে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। এছাড়া আগুনে পোড়ার পর তারা কোনো আর্থিক সহযোগিতা পাননি বলেও জানান। 

Advertisement

সেখানে দোকান মালিক সমিতির নেতারা এলে ব্যবসায়ীদের তোপের মুখে তারা সেখান থেকে চলে যান।

গত বছরের ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় রাজধানীর সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় পাইকারী কাপড়ের মার্কেট বঙ্গবাজার। পুড়ে যাওয়া বঙ্গবাজারকে আধুনিক রূপদান এবং সেখানে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বঙ্গবাজারের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বঙ্গবাজার পাইকারী নগর বিপণিবিতান। ১০তলা বিশিষ্ট ভবনের গ্রাউন্ড ফ্লোর ও বেজমেন্ট ছাড়াও থাকবে মোট আটটি ফ্লোর। ১.৭৯ একর জায়গার ওপর নির্মিত হতে যাওয়া বহুতল ভবনে থাকবে তিন হাজার ৪২টি দোকান। প্রতিটি দোকানের আয়তন হবে ৮০-১০০ স্কয়ার ফুট। ভবনটিতে থাকবে আটটি লিফট, এর মধ্যে চারটি থাকবে ক্রেতা-বিক্রেতাদের জন্য। আর বাকি চারটি কার্গো লিফট থাকবে মালামাল ওঠা-নামানোর জন্য। ভবনটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৩৮ কোটি টাকা।

গত বছরের ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৩ হাজার ৮৪৫ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে। প্রতিবেদনে অগ্নিকাণ্ডে প্রায় ৩০৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয় বলেও উল্লেখ করা হয়। পরে পুড়ে যাওয়া মার্কেটের ফাঁকা স্থানে শামিয়ানা ও ছোট ছোট চৌকি বসিয়ে কোনোমতে ব্যবসা পরিচালনা করছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বঙ্গবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!