সোমবার সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। সেখানে তিনটি মেশিন ও একটি ম্যানুয়াল বুথের সামনে শতাধিক যাত্রী টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এছাড়া আগারগাঁও, পল্লবী স্টেশনেও যাত্রীদের প্রচুর চাপ দেখা গেছে।
শুধু টিকিট কাটতেই নয়, মেট্রোতে উঠতেও একই অবস্থা দেখা গেছে। টিকিট কাটলেও ট্রেনে উঠতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগ-উৎকষ্ঠায় আছেন অনেকে।
.png)
শেওড়াপাড়া যাওয়ার জন্য পঞ্চাশোর্ধ আব্দুল কাদির সচিবালয় স্টেশন থেকে মেট্রোতে উঠেছেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মেট্রোরেলে ধারণক্ষমতার থেকে যাত্রী অনেক বেশি। দুইদিন আগে এই স্টেশনগুলো পুরোপুরি চালু হওয়ার পর যাত্রী অনেক বেড়েছে। সবার লক্ষ্য যানজট এড়িয়ে গন্তব্যস্থলে পৌঁছানো।
বাণিজ্যিকভাবে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ নভেম্বর। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয় গত ৫ নভেম্বর।
এতদিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে সকাল সাতটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত। কিন্তু গত শনিবার থেকে উত্তরা থেকে মতিঝিল অংশে সকাল সাতটা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করছে। এখন অফিস আওয়ারে মেট্রোরেল চলছে ১০ মিনিট পর পর এবং অফপিক আওয়ারে চলছে ১২ মিনিট পর পর।