ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মশককর্মীদের জবাবদিহিতায় বডি ক্যাম লাগানো হবে: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ১৩ আগস্ট ২০২৩
মশককর্মীদের জবাবদিহিতায় বডি ক্যাম লাগানো হবে: ডিএনসিসি মেয়র
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম- ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মশককর্মীদের জবাবদিহিতা বাড়াতে বডি ক্যাম লাগানো হবে।

রোববার রাজধানীর গুলশানে স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযানে এ কথা বলেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের গৃহীত সচেতনতামূলক প্রচারাভিযানের পাশাপাশি জনগণকেও সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশ নিতে হবে বলেও জানান তিনি।

Advertisement

শুরুতে ডিএনসিসি মেয়র স্কুলটির শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেন। পরে তিনি শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা করেন।

মেয়র বলেন, সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি পুরো ডিএনসিসি এলাকায় যাচ্ছি। আমরা কেউ বসে নেই। সবার মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করছি। কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন। লার্ভা পেলে জরিমানা করা হচ্ছে। কাউন্সিলররা নিজ নিজ এলাকার ইমাম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা করছেন। সিটি কর্পোরেশন দায়িত্ব পালন অবশ্যই করবে, করে যাচ্ছে। জনগণকেও যার যার জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। জনগণকেও নিজ নিজ জায়গা থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।

বক্তব্য শেষে ডিএনসিসি মেয়র শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের নিয়ে স্কুলের আঙিনা ও স্কুলের প্রধান ফটকের পার্শ্ববর্তী ফুটপাত পরিষ্কার করেন।

সভায় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: আতিক মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!