ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ফ্লাইওভারে বাসের ধাক্কা, ছিটকে পড়েই নারী আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৮, ১৬ জুলাই ২০২৩
ফ্লাইওভারে বাসের ধাক্কা, ছিটকে পড়েই নারী আইনজীবীর মৃত্যু
নিহত আইনজীবী পারভিন সুলতানা- ছবি: সংগৃহীত

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী আইনজীবী নিহত হয়েছেন। তার নাম পারভিন সুলতানা (৫৫)।

রোববার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক শাখাওয়াত হোসেন আহত হয়েছেন। শাখাওয়াত সম্পর্কে পারভিনের ভাতিজা। ঘটনার পর লাভলী পরিবহন নামের বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককেও আটক করা হয়েছে।

জানা গেছে, আইনজীবী পারভিন সূত্রাপুরের শ্যামবাজার এলাকার মোহন দাস লেনের কাগজিটোলা এলাকায় থাকতেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পারভিন সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তবে তিনি ঢাকার বিচারিক আদালতেও আইন পেশার চর্চা করতেন।

পারভিনের বড় ভাই ফরিদ উদ্দিন জানান, নারায়ণগঞ্জের আদালতে পারিবারিক জমি-সংক্রান্ত মামলা থাকায় পারভিন ভাতিজা শাখাওয়াতকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিল। কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!