ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

অনলাইনে ভিডিও দেখিয়ে চলতো ক্রেতার খোঁজ, কুরিয়ারে পাঠানো হতো জাল টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫, ২৬ জুন ২০২৩
অনলাইনে ভিডিও দেখিয়ে চলতো ক্রেতার খোঁজ, কুরিয়ারে পাঠানো হতো জাল টাকা
ছবি: সংগৃহীত

রাজধানীতে জাল টাকা বিক্রি চক্রের সদস্য মো. মনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ চক্র অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ও ভিডিও দেখিয়ে ক্রেতা খুঁজতো। এরপর দর কষাকষি শেষে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতার কাছে জাল টাকা পৌঁছে দিতো।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে রেডিসন ব্লু হোটেলের সামনের ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ হাজার টাকা মূল্যমানের জালনোট, আসল ৯ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. পারভেজ মিয়া জানান, ঈদুল আজহাকে সামনে রেখে সক্রিয় জালনোট ব্যবসায়ী চক্রের সদস্যরা। কোরবানির পশুর হাট, কাঁচাবাজার ও শপিংমলকে কেন্দ্র করে এদের তৎপরতা শুরু হয়েছে। এসব চক্রের টার্গেট আসল টাকার ভিড়ে জালনোট প্রবেশ করানো।

তিনি বলেন, প্রতি বছরই ঈদের মাস খানেক আগে থেকেই এসব চক্র প্রস্তুতি শুরু করে। দিনরাত কাজ করে তারা জালনোট তৈরি করে। এসব জালনোট পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। পাইকারি ব্যবসায়ীরা আবার সেটি বাড়তি মূল্যে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। আর খুচরা ব্যবসায়ীরা জালনোট বিভিন্ন কৌশলে বাজারে ছেড়ে দেয়।

গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এ র‍্যাব কর্মকর্তা জানান, আটক মনোয়ার দীর্ঘদিন যাবৎ জাল টাকা সংগ্রহ ও বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আসছিল। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ও ভিডিও দেখিয়ে ক্রেতাকে আকৃষ্ট করতো। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের দ্বারা টাকা আদান-প্রদান করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দিতো।

উদ্ধারকৃত জাল টাকা ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!