শুক্রবার সকালে মেট্রোরেলের ২৪ নম্বর ট্রেন সেটটি (সর্বশেষ) দিয়াবাড়ি পৌঁছায়, তারপর সেখান থেকে সেটিকে ডিপোয় নেয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) পরিচালক জাকারিয়া।
জানা গেছে, এ ট্রেন সেটটির দুপাশে দুটি ইঞ্জিন কোচ থাকবে। এর যাত্রীর ধারণক্ষমতা মাঝের চার কোচের তুলনায় কম। প্রতিটি ট্রেনে ইঞ্জিনসহ মোট কোচ থাকবে ছয়টি।
.png)
তিনি জানান, পরিকল্পনা অনুসারে মার্চের মধ্যে শেষ ট্রেন সেটটি পৌঁছানোর কথা ছিল। সেটি সফল হয়েছে। মেট্রোর ১৪৪টি কোচের সবগুলোই এখন ঢাকায় পৌঁছেছে।
প্রকল্পের নথির তথ্য বলছে, প্রকল্পের আট নম্বরের প্যাকেজের অধীন রেল কোচ ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। এ প্যাকেজের বাস্তব কাজ শুরু হয় ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর। ২৪তম ট্রেন সেট জাপানের কোবে সমুদ্রবন্দর থেকে গত ১৮ ফেব্রুয়ারি জাহাজযোগে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্যাকেজের বাস্তব অগ্রগতি ৮৫ দশমিক ৯২ শতাংশ।
মেট্রোরেল সূত্র জানায়, দেশের প্রথম নগর ট্রেনে ২৪ সেট ট্রেন চলাচল করবে। তবে প্রাথমিকভাবে ১০ সেট ট্রেন দিয়ে উত্তরার দিয়াবাড়ি ডিপো থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে চলাচল করছে। পুরো পথ চালু হলে নিয়মিত ২০ সেট ট্রেন চলবে। আর চার সেট ট্রেন বিকল্প হিসেবে সব সময় প্রস্তুত থাকবে।