
ভালোবাসার বিশেষ এই দিনে নানা আয়োজনে উদাযাপিত হয়েছে পহেলা ফাল্গুন বা বসন্ত বরণ। বসন্তের এই প্রথম দিনটিকে বরণ করে নিতে নগরীর সবচেয়ে বড় আয়োজন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের এ আয়োজনে নানা সাজে অংশ নেন সব বয়সের মানুষ।
.png)

মঙ্গলবার সকাল থেকে শুরু হয় বসন্ত বরণ অনুষ্ঠান। সারেঙ্গি বাদন ও শাস্ত্রীয় সংগীতে শুরু হয় আনুষ্ঠানিকতা। রাগ-সুর, গান আর নৃত্যের তালে তালে বসন্তকে অভিবাদন জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাগুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ।

বসন্ত উৎসবে আসা শিশু-কিশোর, নারী-পুরুষ, সবার পোশাকেও ছিল বাসন্তী সাজ। বকুলতলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চষে বেড়িয়েছেন তারা। টিএসসি, হাকিম চত্বর, লাইব্রেরি, অপরাজেয় বাংলা, বিজনেস ফ্যাকাল্টি, শ্যাডো, কার্জন হল, অ্যানেক্স ভবন, শহীদ মিনারসহ পুরো এলাকায় বাসন্তী সাজে দেখা গেছে অধিকাংশকে।

বাসন্ত সাজে নর-নারী মেতেছে আনন্দে; রাজধানীর শাহবাগ, চারুকলা, টিএসসি, পাবলিক লাইব্রেরি আর উদ্যানে উদ্যানে ফুল আর ভালোবাসার রঙ।

বসন্ত উৎসবে যেভাবে বিভিন্ন ধর্মের, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়েছে। এর মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্রই ফুটে উঠছে।