ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চার তলায় আগুন লেগেছে। আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট হাসপাতালে পৌঁছেছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার বিকেলের দিকে হাসপাতালে নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিট বিভাগের প্রবেশ পথের মুখেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
.png)
জানা যায়, এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল। হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পুরা হাসপাতালে ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন। যারা হাঁটতে পারে না, তাদের স্বজনরা রোগীদের কোলে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের নিচে নামেন।
শাহিন আলম বলেন, এসির বাইরের অংশ জানালার সঙ্গে থাকায় ও তার নিচে পুরাতন কাপড়ের স্তূপ থাকায় আগুন এসি মেশিনে ছড়িয়ে পড়ে।
এদিকে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।