আনুশকার জন্য দোয়া মাহফিল, খাবার বিতরণ
রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকার মৃত্যুর ঘটনায় দোয়া মাহফিল করেছে পরিবার ও সহপাঠীরা। দোয়া মাহফিলে পাঁচ শতাধিক পথশিশু ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে জুম্মার নামাজের পর এ দোয়া অনুষ্ঠিত হয়।
নিহত আনুশকার সহপাঠী নেহা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর ধানমন্ডির ১২/এ তাকওয়া মসজিদে দোয়া মাহফিল হয়। পরে ধানমন্ডির বিভিন্ন এলাকায় পথশিশু, রিকশাচালক ও অসহায়দের মাঝে খিচুরি বিতরণ করা হয়।
৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের ৬৩/৪, পান্থনিবাস-২ অ্যাপার্টমেন্টের দোতালার ডি-২ ফ্ল্যাটে বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বাসায় গিয়ে ধর্ষণের শিকার হয়ে মারা যান মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা। ঘটনার দিনই ধর্ষণের পর হত্যার অভিযোগে দিহানের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করেন নিহতের বাবা।
কলাগাবান থানার পরিদর্শক (তদন্ত) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, মামলার পর হুমায়িদ মিল্কি, আলভী মাহবুবসহ দিহানের তিন বন্ধুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দিয়ে দিহানকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। দিহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে সে কারাগারে আছে। ওই ঘটনায় দিহানের বাসার দারোয়ান দুলাল হোসেন আদালতে জবানবন্দি দিয়েছেন।