ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টু আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টু আটক
ছবিঃ ডিবি পুলিশের কার্যালয়ে এমপি আজিজ পুত্র মিন্টু।

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে কুপিয়ে জখমের ঘটনায় গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মিন্টুকে আটকের সুনির্দিষ্ট কারণ ও এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানা যায়। পরে মোটরসাইকেলে ধাওয়া করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাঁকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!