‘সাত বছর পর ফিরে আসবো, মায়ের যত্ন নিও’ লিখে স্কুলছাত্র নিরুদ্দেশ
চিরকুটে ‘আমি সাত বছর পর ফিরে আসবো, আমার মায়ের যত্ন নিও’ লিখে নিরুদ্দেশ হয়েছে তাহসিন মজুমদার নামের এক স্কুলছাত্র। সোমবার ভোরে বাসা থেকে বের হয় সে। এ ঘটনায় কলাবাগান থানায় জিডি করেছেন তাহসিনের বাবা নুরুজ্জামান স্বপন।
নিখোঁজ তাহসিন রাজধানীর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনের শিক্ষার্থী। তাহসিন রাজধানীর কলাবাগান এলাকার বাসিন্দা।
জিডির সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, বিষয়টি অনুসন্ধান করছি। জঙ্গিবাদে মোটিভেটেড হয়ে সে ঘর ছেড়েছে কিনা এখনো নিশ্চিত নই। বিষয়টি অন্যান্য সংস্থাকেও অবগত করা হয়েছে।
তাহসিনের বাবা নুরুজ্জামান স্বপন সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, তার তৃতীয় ছেলে তাহসিন ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনের শিক্ষার্থী। সোমবার সকাল ৭টায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় সে। বাসায় তাকে না পেয়ে তার কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে ইংরেজিতে ‘আই উইল কাম ব্যাক আফটার সেভেন ইয়ারস, টেক গুড কেয়ার অফ মাই মাদার’ লেখা রয়েছে।
তাহসিনের স্বজনরা জানান, বাসা ছাড়ার সময় নয় হাজার টাকা ও মায়ের মোবাইল সেটটিও নিয়ে গেছে তাহসিন। সে বাসায় একটি ল্যাপটপ ব্যবহার করতো।
এদিকে তাহসিনের ল্যাপটপসহ অন্যান্য বিষয় অনুসন্ধান করে দেখছে পুলিশ। প্রযুক্তির সহায়তায় সবশেষ সকাল সাড়ে ৭টায় পান্থপথের স্কয়ার হাসপাতালের কাছে তার অবস্থান ছিল বলে জেনেছেন পুলিশ কর্মকর্তারা।
ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছেলেটির ব্যাপারে খোঁজ-খবর করছি। এখনো টেরোরিজম রিলেটেড কোনো কানেকশন পাওয়া যায়নি। নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান জানার চেষ্টা আমরা করছি।