রাজধানীতে নব্য জেএমবির এক সদস্য গ্রেফতার
রাজধানীর সবুজবাগের পূর্ব বাসাবো থেকে শিব্বির আহমাদ (২২) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ।
শুক্রবার সিটিটিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে একটি মোবাইল, ৫টি জিহাদি বই, একটি ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিব্বির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে- নব্য জেএমবি প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি এর সঙ্গে যুক্ত হন। শুরুতে সংগঠনটি মিডিয়া উইংয়ে কাজ করতের। নব্য জেএমবির এক সময়ের আমীর মুসার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। মুসার মৃত্যুর পর তিনি সংগঠনে কিছুদিন নিষ্ক্রিয় থাকেন।
২০১৮ সালে শিব্বির আবার অনলাইনের মাধ্যমে সংগঠনের সঙ্গে যুক্ত হন। অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে আইএস অনুপ্রাণিত বিদেশি বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আফগানিস্তানসহ আরো কয়েকটি দেশের আইএস অনুপ্রাণিত সদস্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন।
আরো বলা হয়, শিব্বির আহমাদ দেশে সংগঠনকে শক্তিশালী করা ও নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য বিদেশের বিভিন্ন নাগরিকের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করেন।