ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকায় মেঘ-বৃষ্টি-রোদের খেলা
কখনো রোদ, কখনো বৃষ্টি; মেঘলা আকাশ তো আছেই! শরতের প্রথম দিনেই এমন আবহাওয়ার উপভোগ করলো রাজধানীবাসী।
রোববার সকালে ঢাকার আকাশ বেশ পরিষ্কার ছিল। বেলা দশটা না গড়াতেই ঝুম বৃষ্টি নামে রাজধানীর বুকে। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সঙ্গে মেঘলা আকাশ। সন্ধ্যার আগে আবারো ঝেঁপে নামলো বৃষ্টি। তবে পুরো দিন নাতিশীতোষ্ণ অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুরের পরও বৃষ্টি হচ্ছে। সেই তথ্য পাওয়া যাবে সন্ধ্যায়।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া থেমে থেমে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে যা চলমান থাকবে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস হতে পারে, যা অস্থায়ীভাবে দমকায় ৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমী বায়ু রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।