চাঁদপুরে অস্ত্র-গুলিসহ ডাকাত সর্দার গ্রেফতার
চাঁদপুরের মতলব উত্তরে শাটারগান ও দুই রাউন্ড গুলিসহ ডাকাত সর্দার মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে খালপাড় দূর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ আলী ওই গ্রামের বাহর আলী প্রধানের ছেলে। সে একাধিক ডাকাতি মামলার আসামি।
গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে এক সৌদি প্রবাসী ঢাকা বিমান বন্দর থেকে নিজ বাড়ি হাজীগঞ্জে গাড়ি যোগে যাওয়ার পথে মতলব উত্তর উপজেলার মৌটুপী নামক স্থানে আসলে একদল অস্ত্রধারী ডাকাত রাস্তায় গাছের গুড়ি ফেলে পথরোধ করে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে অস্ত্র দিয়ে চালককে জিম্মি করে যাত্রীদের মারধর করে অর্থ, স্বর্ণালংকার, মোবাইলসহ লুট করে।
এ ঘটনায় গত ৩০ অক্টোবর থানায় ডাকাতি মামলা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মোহাম্মদ আলীকে গ্রেফতার করে ও তার বসতঘর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি শাটারগান উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ডাকাত সর্দার মোহাম্মদ আলী একাধিক ডাকাতি মামলার আসামি। বিকেলে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবো। ডাকাতির মাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।