ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪, ১৮ নভেম্বর ২০২৬
রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ
ককটেলের খোসা। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে ফোনকল করে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। পরে খোঁজ নিয়ে প্রধান ফটকে বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সাংবাদিকদের বলেন, ‍‘মেইন গেটের দায়িত্বে থাকা পুলিশ ফোন দিয়ে জানায়, সেখানে দুটি ককটেল পাওয়া গেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ ঘটনার পরপরই ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোনকল দিয়ে বলেন, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’

এ বিষয়ে কাজলা ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন,‘বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আরেকটি ককটেল অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। আমাদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এলে সেটি উদ্ধার করা হবে।’

ডেইলি-বাংলাদেশ/রাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!