ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

নোবিপ্রবিতে শুরু হচ্ছে তিন দিনের মডেল জাতিসংঘ সম্মেলন,অংশ নিচ্ছেন চার শতাধিক শিক্ষার্থী

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ১১ নভেম্বর ২০২৬
নোবিপ্রবিতে শুরু হচ্ছে তিন দিনের মডেল জাতিসংঘ সম্মেলন,অংশ নিচ্ছেন চার শতাধিক শিক্ষার্থী
তিন দিনব্যাপী মডেল জাতিসংঘ সম্মেলন উপলক্ষে নোবিপ্রবিতে সংবাদ সম্মেলন।

আন্তর্জাতিক কূটনীতি, বিশ্বরাজনীতি ও সমসাময়িক বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা, বিতর্ক এবং নীতিপ্রস্তাব প্রণয়নের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন তরুণ শিক্ষার্থীরা। এ লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন ‘এনএসটিইউ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনএসটিইউ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬-এর সেক্রেটারি জেনারেল মো. তারেক মুক্তার।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মডেল ইউনাইটেড নেশনস শুধু বক্তব্য, বিতর্ক কিংবা পুরস্কার অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিক্ষার্থীদের পরিচিত গণ্ডির বাইরে গিয়ে বিশ্বকে জানার ও বোঝার একটি কার্যকর ক্ষেত্র। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা, রাষ্ট্রগুলোর পারস্পরিক স্বার্থ এবং বৈশ্বিক সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।

 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘রিকাস্টিং দ্য গ্লোবাল অর্ডার অ্যামিড রাইজিং পাওয়ার অ্যাসিমেট্রিজ’। বাংলায় যার অর্থ, ক্রমবর্ধমান ক্ষমতার বৈষম্যের প্রেক্ষাপটে বৈশ্বিক ব্যবস্থার পুনর্গঠন। বিশ্বজুড়ে রাষ্ট্রগুলোর অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার পার্থক্য, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের অসমতা, চলমান যুদ্ধ-সংঘাত, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

 

তারেক মুক্তার বলেন, বিশ্বব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। একদিকে কিছু রাষ্ট্র অর্থনৈতিক ও সামরিক শক্তিতে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে অনেক রাষ্ট্র আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেদের অবস্থান তুলে ধরতে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক ব্যবস্থার পরিবর্তনে সব রাষ্ট্রের স্বার্থ ও মতামত কতটা গুরুত্ব পাচ্ছে, তা নিয়ে তরুণদের চিন্তা ও আলোচনায় সম্পৃক্ত করাই এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য।

 

সম্মেলনে সাতটি কমিটি ও ফোরাম রাখা হয়েছে। এগুলো হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি), উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতিসংঘ কমিশন (ইউএনসিএসটিডি), জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি), ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ), জাতীয় সংসদ (জেএএসএ) এবং আন্তর্জাতিক প্রেস (আইপি)।

 

প্রতিটি কমিটিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিত্ব করবেন। নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী গবেষণালব্ধ তথ্য উপস্থাপন, যুক্তিনির্ভর বিতর্ক ও পারস্পরিক আলোচনার মাধ্যমে তাঁরা বিভিন্ন নীতিপ্রস্তাব তৈরি করবেন। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, যুদ্ধ-সংঘাত এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

 

আয়োজকেরা জানান, এবারের সম্মেলনে ২৫টি বিশ্ববিদ্যালয়, ১০টি কলেজ ও সাতটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তিন দিনের এ আয়োজনে আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে জানার পাশাপাশি শিক্ষার্থীরা জনসমক্ষে বক্তব্য উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা, কূটনৈতিক যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা চর্চার সুযোগ পাবেন। একই সঙ্গে মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর অভিজ্ঞতা অর্জন করবেন।

 

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন শিক্ষার্থীদের বৈশ্বিক সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করতে এবং আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন দিক বিশ্লেষণে আগ্রহী করে তুলবে। পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা, যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা এবং আলোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/নোবিপ্রবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!