কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াডে অংশ নিলেন ৭০০ শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৬তম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
রসায়ন বিভাগের সভাপতি ও রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর কুমিল্লা অঞ্চলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তাসফিয়া সুলতানা তানহা। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সোনার বাংলা কলেজের মুনতাসির ভূঁইয়া এবং তৃতীয় হয়েছেন কুমিল্লা সরকারি কলেজের শাহেনুর আক্তার নূর।
প্রথম স্থান অর্জনকারী তাসফিয়া সুলতানা তানহা বলেন, রসায়ন এমন একটি বিষয়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভব করা যায়। এ বিষয়ের প্রতি আগ্রহ থেকেই তিনি অলিম্পিয়াডে অংশ নিয়েছেন।
বিশেষ অতিথি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, চারপাশের সবকিছুর সঙ্গেই রসায়নের সম্পর্ক রয়েছে। এ আয়োজনের লক্ষ্য শুধু ২০ জন বিজয়ী নির্বাচন নয়, বরং সারা দেশে রসায়নের প্রতি আগ্রহ ছড়িয়ে দেওয়া।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা মেনে চলা জরুরি। নিয়মিত অধ্যয়ন এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করে।
আয়োজকেরা জানান, কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থী ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে বিজয়ীদের মধ্য থেকে পাঁচজন তাইওয়ানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।