রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনে বৃত্তি ও আবাসন সুবিধা বাড়ানোর আশ্বাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলনে বিভাগের ৫০ অসচ্ছল শিক্ষার্থীকে মাসিক বৃত্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নির্মাণ প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সম্মিলনের দ্বিতীয় দিনে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনের চত্বরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
পরে সকাল সাড়ে ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সম্মাননা প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে এ বি এম আব্দুস সাত্তার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, জীবনে স্বপ্ন ও ইচ্ছা থাকলে তা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। কর্মজীবনে সততা ও নিষ্ঠার চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না।
তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৫ জন ছাত্র ও ২৫ জন ছাত্রীকে মাসে দুই হাজার টাকা করে বৃত্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া রাবির শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো এবং আটটি আবাসিক হল নির্মাণ প্রকল্পের প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।
উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারেন। বৃত্তি ও অনুদান প্রদান, গ্রন্থাগারে বই সরবরাহসহ শিক্ষা সহায়ক নানা কার্যক্রমে তাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
তিনি বলেন, বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সংগঠন নিজ বিভাগ ও প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কয়েকটি বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করেন উপাচার্য। জবাবে এ বি এম আব্দুস সাত্তার সহযোগিতার আশ্বাস দেন।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, প্রচলিত কর্মকাণ্ডের পাশাপাশি বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নেও অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যেসব খ্যাতিমান শিক্ষক অধ্যাপনা করেছেন, তাদের অবদান তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষা সহায়ক সুযোগ-সুবিধা বাড়াতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।