ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবিতে ২৭ নভেম্বর প্রজাপতি মেলা; ১২ বছরে কমেছে ৪০ প্রজাতি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ২৯ অক্টোবর ২০২৬
জাবিতে ২৭ নভেম্বর প্রজাপতি মেলা; ১২ বছরে কমেছে ৪০ প্রজাতি
জাবিতে আয়োজিত হচ্ছে ‘১৬তম প্রজাপতি মেলা’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৭ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১৬তম প্রজাপতি মেলা-২০২৬’। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষ ও করিডোর ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের মেলায় প্রজাপতির বৈচিত্র্য ও সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন সংযোজন হিসেবে প্রকাশ করা হবে প্রজাপতিবিষয়ক একটি সচিত্র বই।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৬তম প্রজাপতি মেলা আয়োজন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘এবার আমাদের প্রজাপতি মেলা ১৬তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবারের মতো এবারও নানা আয়োজন থাকবে। তবে আমাদের বড় উদ্বেগের জায়গা হলো প্রজাপতির প্রজাতির সংখ্যা কমে যাওয়া। প্রায় ১২-১৩ বছর আগে এখানে ১১০টির মতো প্রজাতি ছিল, বর্তমানে তা কমে প্রায় ৭০ প্রজাতিতে দাঁড়িয়েছে। এই সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আমরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এর কিছু ইতিবাচক ফলও পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গত চার-পাঁচ মাসে আমরা বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি করেছি। ঝোপঝাড় প্রয়োজন অনুযায়ী ছাঁটাই করা, অতিরিক্ত না কাটা এবং ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মানুষের মধ্যেও প্রজাপতি সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়ছে। তাই আমরা আশাবাদী, ভবিষ্যতে প্রজাপতির প্রজাতির সংখ্যা আবারও বাড়বে।’

এবারের মেলায় নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হবে প্রজাপতিবিষয়ক একটি সচিত্র বই। বইটিতে প্রজাপতিনির্ভর গাছপালা, প্রজাপতির ক্যাটারপিলার বা লার্ভার ছবি, প্রজাতি শনাক্তকরণের পদ্ধতি এবং প্রজাপতি আকৃষ্ট করতে কী ধরনের গাছ লাগানো প্রয়োজন, সে বিষয়ে তথ্য থাকবে।

এ প্রসঙ্গে অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘যারা প্রজাপতি গার্ডেন বা ছাদবাগান করতে চান, তারা কীভাবে সেটিকে প্রজাপতির উপযোগী করে গড়ে তুলবেন, সে বিষয়েও বইটিতে দিকনির্দেশনা থাকবে।’

মেলায় পরিবেশ ও বন সংরক্ষণসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। তাঁদের মধ্যে পরিবেশ বন্ধনের সেক্রেটারি, বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) এবং আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরসহ সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এ ছাড়া মেলায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত প্রজাপতি মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবছর এ মেলার মাধ্যমে প্রজাপতির বৈচিত্র্য, পরিবেশে তাদের ভূমিকা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী প্রকৃতিপ্রেমীরা মেলায় অংশ নিয়ে প্রজাপতির বিচিত্র রূপ উপভোগ করেন।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!