প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যে ৮ মাসে ৩০ গ্রেফতার: জাবের
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার কারণে গত আট মাসে ৩০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
জাবের বলেন, “সম্প্রতি বিএনপি সরকারকে নিয়ে মন্তব্য করায় একজন ব্যবসায়ীকে জেলে পাঠিয়েছে সরকার। লন্ডন থেকে আসার আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের মানুষের বাক্স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বিএনপি। কিন্তু এখন এর উল্টোটা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী ১৭ বছর দেশের বাইরে থাকায় হয়তো দেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না। জুলাইয়ের পর দেশের মানুষ স্বাধীনভাবে সবকিছু বলতে চায়। তাই আপনারা হাসিনার মতো আচরণ করবেন না।”
তিনি আরও বলেন, “আমরা আশা করেছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করবেন। কিন্তু তিনি আমাদের হতাশ করছেন। আমরা বলতে চাই, এ দেশে বসে দিল্লির তাবেদারি করা যাবে না, আমরা তা মানব না। দিল্লির তাবেদারি করতে হলে সেখানে বসে করতে হবে, বাংলাদেশে বসে তা করা যাবে না।”
তিনি বলেন, 'অবিলম্বে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করার যেই প্রচেষ্টা করছে সরকার, সেইখান থেকে তাকে ফিরে আসতে হবে। হাসিনা কে শুধুমাত্র গুম খুন করার কারণে বাংলাদেশের মানুষ দিল্লিতে পাঠায় নাই। সে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করতে চাইছে। এটা অন্যতম কারণ।’