ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

দেওয়াল জুড়ে ফাটলের দাগ, নিরাপত্তা ঝুঁকিতে জাবির ব্যবসায় শিক্ষা অনুষদ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ৪ অক্টোবর ২০২৬
দেওয়াল জুড়ে ফাটলের দাগ, নিরাপত্তা ঝুঁকিতে জাবির ব্যবসায় শিক্ষা অনুষদ
ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ভবন নির্মাণের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য আধুনিক ও পূর্ণাঙ্গ একাডেমিক ভবন নির্মাণের দাবি জানিয়েছেন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ দাবিতে রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডিসহ বিভিন্ন একাডেমিক ও পেশাগত কার্যক্রম পরিচালিত হচ্ছে। সময়ের সঙ্গে শিক্ষার্থী সংখ্যা ও কার্যক্রম বাড়লেও সে তুলনায় অনুষদের অবকাঠামোগত সুবিধা বাড়েনি।

Advertisement

তাদের অভিযোগ, অনুষদের বর্তমান ভবনের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফাটল রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, শিক্ষক-কর্মকর্তাদের কক্ষ, কমনরুম ও লাইব্রেরির সংকট রয়েছে। এতে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে পাঠদানসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীরা আরও জানান, ভবনের ফাটল ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার কারণে তাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই ভবনটির বর্তমান অবস্থা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে একটি আধুনিক ও পরিকল্পিত একাডেমিক ভবন নির্মাণেরও দাবি জানান তারা।

স্মারকলিপিতে বলা হয়, পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় নিয়মিত ক্লাস পরিচালনায় সমস্যা হচ্ছে। বিভিন্ন সময় ক্লাসের স্থান পরিবর্তন করতে হয়। এতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় ২০২৬ সালের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী নির্ধারিত জমিতে ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন ভবন নির্মাণের কাজ শুরুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগ্রাধিকার পাওয়া উচিত। একই সঙ্গে দ্রুত প্রশাসনিক উদ্যোগ নিয়ে ভবন নির্মাণের কার্যক্রম শুরুর আহ্বান জানান তারা।

স্মারকলিপিতে ব্যবসায় শিক্ষা অনুষদের সব বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!