ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

জাবিতে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণের সমাপনী

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণের সমাপনী
জাবিতে পিআইবির আয়োজনে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে অতিথিরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত গণমাধ্যমের প্রতিনিধিদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র প্রশিক্ষণ কক্ষে এ সমাপনী আয়োজনটি অনুষ্ঠিত হয়। ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণের শেষ দিনে ফ্যাক্ট চেকিংয়ের ধারণা ও প্রয়োজনীয়তা, তথ্য ও ছবি যাচাই, ভিডিও যাচাই, সাইবার নিরাপত্তা এবং মাল্টিমিডিয়া ও সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Advertisement

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকদের পেশাগত কাজের সঙ্গে প্রযুক্তির ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত। এআইসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এখন ছবি, ভিডিও ও তথ্য পরিবর্তন বা তৈরি করা সম্ভব। তাই প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং ও প্রযুক্তি ব্যবহারের কৌশল আয়ত্ত করা প্রয়োজন। প্রকৃত তথ্য শেষ পর্যন্ত টিকে থাকে উল্লেখ করে তিনি সাংবাদিকদের সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রকৃত কোনো অনিয়ম বা অন্যায় হলে তা অবশ্যই সংবাদে তুলে ধরতে হবে। তবে কোনো বক্তব্যের অংশবিশেষ নয়, বরং পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা করে সংবাদ প্রকাশ করা উচিত। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে বলেন, সমালোচনা যেন ব্যক্তিকেন্দ্রিক না হয়ে কাজ ও সিদ্ধান্তকেন্দ্রিক হয়। সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, সততা ও মানবিকতার সমন্বয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সাংবাদিকতায় টিকে থাকতে হলে কাজের উৎকর্ষ, বয়ানের সততা ও পেশাগত দক্ষতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানো ও ক্ষমতাকে প্রশ্ন করার দায়িত্বের সঙ্গে যুক্ত। তাই সাংবাদিকদের সাহসী, সৎ, নিষ্ঠাবান ও একই সঙ্গে জবাবদিহিমূলক হতে হবে।

তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণের মাধ্যমে একজন ভালো সাংবাদিক তৈরি করা সম্ভব নয়। সাংবাদিকের নিজের চেতনা, দায়বদ্ধতা ও পড়াশোনার মাধ্যমে সেই সক্ষমতা তৈরি করতে হয়। পিআইবি ভবিষ্যতে সাংবাদিকদের জন্য আরও বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করবে বলেও জানান তিনি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা। 

এ ছাড়া অনুষ্ঠানে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম এবং প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহীদসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!