কুবিতে গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ-রায়হান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'ম্যাথমেটিক্স ক্লাব'র ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ও পাঁচটি উইং ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ উদ্দিন মৃধা এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান চৌধুরী মনোনীত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্লাবের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
.png)
এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শরিফুল আলম বিজয় এবং দপ্তর সম্পাদক হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিন বিন হাই মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি করা আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি গণিতভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা ও গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করতে চাই।
সহসভাপতি মাহফুজ উদ্দিন মৃধা বলেন, গণিত ক্লাবকে আরও সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। গণিতচর্চা, গবেষণা, প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।