২ কোটি ৭০ লাখ ব্যয়ে কুবিতে নির্মিত হচ্ছে 'ইনোভেশন হাব'
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের 'ডিজিটাল এন্ট্রাপ্রেনারশিপ এন্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি)' প্রজেক্টের আওতায় দুই কোটি ৭০ লাখ টাকা খরচায় কুবিতে তৈরি হতে যাচ্ছে 'ইনোভেশন হাব'। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি উদ্যোগ, রিসার্চ প্রজেক্ট, আইটি প্রজেক্ট, স্টার্ট-আপ বিল্ডাপ ইত্যাদির ত্বরান্বিতকরণ এবং ব্যবসায়িক সম্ভাবনা যাচাই ও অনুসন্ধানের সুযোগ পাবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের পঞ্চম তলায় প্রায় চার হাজার ২৪০ স্কয়ার ফুট জায়গা জুড়ে ইনোভেশন হাবটি বাস্তবায়নের কথা রয়েছে। ইতোমধ্যেই প্রথম ধাপের সকল কাজ প্রায় সম্পন্ন। ইনোভেশন হাবের ত্রিমাত্রিক ডিজাইন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এই প্রকল্প টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার কথা রয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় যাওয়ার ৬ মাসের মধ্যে হাবটি স্থাপন হবে বলে জানায় প্রকল্প সংশ্লিষ্টরা।
.png)
আরো জানা যায়, ইনোভেশন হাবে শিক্ষার্থীদের জন্য থাকা সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে, কো-ওয়ার্ক স্পেস, ফেব্রিকেটেড (ফ্যাব) ল্যাব, মিটিং কক্ষ, মেসেজিং চেয়ার, মিনি অডিটোরিয়াম, গেমিং জোন, কফি জোন, ইনচার্জের কক্ষ। থাকবে উদ্যোক্তা প্রশিক্ষণ, মেন্টরিং ইত্যাদি।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাব তৈরি করে দিবে শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা তৈরি, দল গঠন, মেন্টরদের সঙ্গে যোগাযোগ এবং শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ। এসব ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা অর্জন করতে পারবে পড়াশোনার পাশাপাশি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, পণ্য উন্নয়ন, বিপণন ও অর্থায়ন বিষয়ে ব্যবহারিক অভিজ্ঞতা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া হবে নিজেদের উদ্যোক্তা-ভিত্তিক ইকোসিস্টেম গড়ে তুলতে প্রয়োজনীয় শিক্ষামূলক উপকরণ ও পরিচালনের জন্য নির্দেশনা।
এর আগে, গতবছরের ২৭ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী তারুণ্যের উৎসব অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব তৈরির ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব তৈরির কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে 'ডিইআইইডি' প্রজেক্টের ইনোভেশন ও কমার্শিয়ালাইজেশন বিশেষজ্ঞ সৈয়দ ফজলে ফারহান জানান, আমরা কুমিল্লায় আপাতত প্রথম প্রজেক্টটির প্রথম ধাপ শুরু করতে যাচ্ছি। পরবর্তীতে এর বর্ধিত অংশ দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। আগামী ৬ মাসের মধ্যে ইনোভেশন হাবটি স্থাপনের কার্যক্রম শেষ হবে।
এনিয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ডিরেক্টর ড. মো. মেহেদী হাসান জানান, প্রশাসনের পক্ষ হতে সবরকম ডকুমেন্টস বিষয়ক কাজ সম্পন্ন করা হয়েছে। মন্ত্রণালয়ের থেকে পরিদর্শন করা হয়েছে ইতোমধ্যেই। দ্রুতই মন্ত্রণালয় থেকে এটি স্থাপনের উদ্যোগ নিবে বলে জানান তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে ইনোভেশন হাবটি স্থাপন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হবে। তাদের শিক্ষা, গবেষণা, প্রজেক্ট ইত্যাদির বাস্তবায়নে এটি যথোপযুক্ত প্লাটফর্ম পাবে তারা। আমরা যোগাযোগ রাখছি, যতদ্রুত সম্ভব এটা যেন স্থাপিত হয়।