ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

‘ব্যবসা করবেন টাকা দেবেন না, তা হয় না’

গ্রামীণফোনকে আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩২, ৩১ অক্টোবর ২০১৯
‘ব্যবসা করবেন টাকা দেবেন না, তা হয় না’
সংগৃহীত

মোবাইল অপারেটর গ্রামীণফোনের কাছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা সাড়ে ১২ হাজার কোটি টাকা আদায়ের মামলায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘ব্যবসা করবেন টাকা দেবেন না, তা হয় না।’

গ্রামীণফোনের আইনজীবীদের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই মন্তব্য করেন। এসময় টাকা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে গ্রামীণফোনকে দুই সপ্তাহের সময় দিয়েছেন আদালত।

আদালতে বিটিআরসি’র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার ফজলে নূর তাপস।

শুনানিকালে গ্রামীণফোনের আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, এদেশে ব্যবসা করাটা সহজ। যখন টাকা-পয়সার ব্যাপার আসে, তখন আদালতে এসে একটা আবেদন করে স্থগিতাদেশ নিয়ে গড়িমসি করা হয়। মামলাগুলো করাই হয় যাতে টাকা দিতে না হয়। এসব মামলার কারণে অর্থঋণ আদালতগুলোতে প্রায় ১ লাখ কোটি টাকা আটকে আছে।

গ্রামীণফোনের আইনজীবী এএম আমিন উদ্দিন আদালতকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ১০০ কোটি টাকা দেয়া নিয়ে আলোচনা চলছিল। সেই পরিপ্রেক্ষিতে ওই টাকা দেবো।

তখন আদালত বলেন, সাড়ে ১২ হাজার কোটি টাকা পাবে, আর আপনি বলছেন ১০০ কোটি। ওইখানে কমপ্রোমাইজ করবেন আর আদালতে এসে মামলা করবেন, সেটা হতে পারে না।

জবাবে আমিন উদ্দিন বলেন, তারা সিদ্ধান্ত না মানায় আদালতে এসেছি। টাকা দেবো না, একথা তো কখনো বলিনি।

এসময় গ্রামীণফোনের আরেক আইনজীবী শেখ ফজলে নূর তাপস বলেন, বিটিআরসির দাবি করা টাকার ভিত্তি আছে কিনা, সেটা আদালতের দেখা দরকার। একটা বহুজাতিক কোম্পানি এদেশে ব্যবসা করতে এসেছে। লেভেল প্লেয়িং ফিল্ড না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। এর আগে গ্রামীণফোন ২ হাজার ১০০ কোটি টাকা দিয়েছে।

এসময় বিটিআরসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালতের নির্দেশে গ্রামীণফোন ওই টাকা দিয়েছে। আর অডিটের মাধ্যমে সাড়ে ১২ হাজার কোটি টাকার হিসাব এসেছে। গ্রামীণফোন তখন তো কোনো আপত্তি করেনি।

তখন আদালত গ্রামীণফোনের আইনজীবীদের উদ্দেশে বলেন, বিটিআরসির দাবি করা সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে আপাতত কত টাকা দিতে পারবে, তা জানাতে গ্রামীণফোনকে দুই সপ্তাহের সময় দেয়া হলো। এর মধ্যে না জানালে আদেশ দেয়া হবে। এরপর আদালত আগামী ১৪ নভেম্বর এ মামলার আদেশের জন্য দিন ধার্য করে আদালত।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সাড়ে ১২ হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে চিঠি দেয় বিটিআরসি। ওই চিঠির বিরুদ্ধে ঢাকার নিম্ন আদালতে মামলা করে নিষেধাজ্ঞা চায় গ্রামীণফোন কর্তৃপক্ষ। গত ২৮ আগস্ট আদালত মামলা খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে গ্রামীণফোন। হাইকোর্ট বিটিআরসির চিঠির কার্যকারিতা স্থগিতের নির্দেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে যায় বিটিআরসি।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!