‘আখতারুজ্জামান কীভাবে জুলাইযোদ্ধা?’
জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে তুলে ধরার সমালোচনা করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ সমালোচনা করেন।
.png)
তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আখতারুজ্জামান সরকারের পক্ষে বক্তব্য দিয়েছেন। আবার বিএনপির সঙ্গে থাকার সময়ও দলটির বিরুদ্ধে এবং নির্বাচনবিরোধী বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আখতারুজ্জামানের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আখতারুজ্জামানকে জামায়াতের কর্মী বা নেতা নন বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে দলটির নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তারেক রহমানের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করার পরও জামায়াতে যোগ দিয়ে আখতারুজ্জামান এখন প্রকৃত জুলাইযোদ্ধাদের চেয়েও বড় ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উপস্থাপিত হচ্ছেন।
এ সময় জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট নিয়েও প্রশ্ন তোলেন আমজনতার দলের এই নেতা। তার দাবি, অতীতে চীনের দেওয়া ত্রাণ জামায়াতের ত্রাণ হিসেবে প্রচারের পর চীনা দূতাবাস প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট পোস্ট সম্পাদনা করে পরে মুছে ফেলা হয়েছিল।
এ ছাড়া গাজীপুরের একটি ঘটনা নিয়ে জামায়াতের আমিরের দেওয়া বক্তব্যও পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছিল বলে দাবি করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে অভিযুক্ত আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর যদি ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিতি পান, তাহলে প্রকৃত জুলাইযোদ্ধাদের অবস্থান কী হবে—এ প্রশ্নের জবাব জামায়াতকে দিতে হবে।
তবে তারেক রহমানের এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জামায়াত নেতাদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।