অনিয়মের বিরুদ্ধে কথা বলায় বাবাকে গ্রেপ্তার
অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছোট ছেলে সাব্বির জামান। একই সঙ্গে গত ১৭ বছর ধরে যে ধরনের পরিস্থিতি চলে এসেছে, এখনো সেই একই ধারা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বাবাকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন সাব্বির জামান।
.png)
তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় সরকার তাদের হেনস্তা করার চেষ্টা করছে। তার ভাষ্য, গত ১৭ বছর ধরে একই ধরনের পরিস্থিতি চলে এসেছে এবং এখনো সেই একই ধারা শুরু হয়েছে।
বাবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যগুলো দেখার আহ্বান জানিয়ে সাব্বির জামান বলেন, তার বাবার সাম্প্রতিক লাইভ ও অন্যান্য বক্তব্য ফেসবুকে রয়েছে। সেখানে তিনি কী বলেছেন এবং কোনো অন্যায় করেছেন কি না, তা দেখে বিচার করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন। অভিযোগগুলো তদন্তাধীন।
মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে পৌঁছানোর পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি দেখতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে আখতারুজ্জামানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, সংরক্ষিত কেপিআই এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনের সঙ্গে আখতারুজ্জামানের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় রয়েছে।
গ্রেপ্তারের আগে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় আখতারুজ্জামান জানান, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং জনগণের অধিকার ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার কথা বলেন।
আখতারুজ্জামান কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা। তিনি বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-২ আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং একসময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে বিভিন্ন সমসাময়িক বিষয়ে টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এদিকে মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে।