ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

গুলশানে ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেফতার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেফতার
ছবি সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

Advertisement

তিনি বলেন, গুলশানে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৪০ জনকে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গ্রেফতার করেছে ডিএমপি।

এর আগে শনিবার আকতার হোসেন জানিয়েছিলেন, মিছিলে সরাসরি অংশ নেওয়া ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মিছিল চলাকালে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করার কথা জানিয়েছিল গুলশান থানা পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।

ওসি দাউদ হোসেন জানান, ওই সময় মিছিলে অংশ নেওয়া আরাফাত ও আব্দুর রহিমকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়েছে। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!