ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

বাসাইলে প্রবেশের ২৯ পথ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ১৩ এপ্রিল ২০২০
বাসাইলে প্রবেশের ২৯ পথ বন্ধ
বাসাইল ইউএনওর কার্যালয়

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টাঙ্গাইলের বাসাইল উপজেলাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে উপজেলায় প্রবেশের ২৯টি পথ বন্ধ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম জানান, টাঙ্গাইলের পাঁচটি উপজেলায় এরইমধ্যে করোনা রোগী শনাক্ত হলেও বাসাইলে এখনো কোনো রোগী পাওয়া যায়নি। এ কারণে বাসাইলকে করোনামুক্ত রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

তিনি আরো জানান, বাসাইলে প্রবেশের ২৯টি পথ এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, নিত্যপণ্য, গণমাধ্যমসহ জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এ সময় ইউএনও শামসুন নাহার স্বপ্না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজুর রহমান, বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!