ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বাংলাদেশ ]

মধ্যরাতে বাড়ানো তেলের দাম প্রত্যাহার চায় যাত্রীকল্যাণ সমিতি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২৬
মধ্যরাতে বাড়ানো তেলের দাম প্রত্যাহার চায় যাত্রীকল্যাণ সমিতি
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সময় দেশে মধ্যরাতে বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

Advertisement

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী। এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ছে। এমন পরিস্থিতিতে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যে দুই দফা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে আরও চাপ তৈরি করবে বলে মনে করে সংগঠনটি।

তাদের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহনের ভাড়া এবং শিল্প উৎপাদনের ব্যয় বাড়তে পারে। তাই জনস্বার্থে দ্রুত বর্ধিত দাম প্রত্যাহার করে আগের মূল্য বহাল রাখার আহ্বান জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি।

বিবৃতিতে আরও বলা হয়, জনস্বার্থে সরকার কোথাও ব্যবসা করবে এবং কোথাও ভর্তুকি দেবে—এটাই বাস্তবতা। দেশের বর্তমান আর্থিক সংকটের সময়ে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতির কার্যক্রম সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের ওপর অতিরিক্ত চাপ না বাড়িয়ে জ্বালানি তেলের বর্ধিত মূল্য দ্রুত প্রত্যাহার করা প্রয়োজন।

যাত্রীকল্যাণ সমিতির প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল বিবৃতির বিষয়টি গণমাধ্যমকে জানান।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!