ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
৫০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
দিনাজপুরে ৫০ কোটি টাকার সাপের বিষসহ তথাকথিত প্যারামেডিক্স ডা. রুহুল আমীনকে আটক করেছে র্যাব-১৩।
রোববার বিকেলে সদরের উপশহর ১০ নম্বর সিটি ক্লিনিক সংলগ্ন পল্লী স্বাস্থ্য সেবা নার্সিং হোম নিজ চেম্বার থেকে সাপের বিষসহ তাকে আটক করা হয়।
রুহুল আমীন জেলার বিরামপুরের মাহমুদপুর গ্রামের বসির উদ্দীনের ছেলে।
রোববার সন্ধ্যায় র্যাব-১৩ এর সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পল্লী স্বাস্থ্য সেবা নার্সিং হোম নিজ চেম্বার থেকে তল্লাশি চালিয়ে পল্লী চিকিৎসক রুহুলকে সাপের বিষসহ আটক করা হয়। এ সময় তার চেম্বার থেকে অবৈধভাবে আমদানিকৃত বাক্সবন্দি অবস্থায় দানাদার, পাউডার ও তরল আকারে প্রস্তুতকৃত সাপের বিষের ছয়টি জারসহ তাকে আটক করা হয়। আটক সাপের বিষের আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাপের বিষ সরবরাহ করার কাজে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন । এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে তাকে হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন ।
ডেইলি বাংলাদেশ/এমকে