ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিক্ষার্থীর ওপর বখাটেদের হামলা, গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ১০ মার্চ ২০২০
শিক্ষার্থীর ওপর বখাটেদের হামলা, গ্রেফতার দাবিতে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলা সদর উপজেলার ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিনের ওপর হামলা করেছে বখাটেরা। ওই ঘটনায় বিচারের দাবিতে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ইউসি স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির তানজিলা নামে এক ছাত্রীকে পছন্দ করেন ইলিশা ৭ নম্বর ওয়ার্ডের আলমগীর ফরাজীর ছেলে রাজিব। সোমবার সকালে রাজিবের বন্ধু ইমনসহ ৭/৮ জন বখাটে তিনটি মোটরসাইকেল যোগে স্কুলের সামনে আসে। এ সময় ওই বিদ্যালয়েল শিক্ষার্থী আলামিন বখাটেদের পরিচয় জানতে চাইলে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে রাজিবের নেতৃত্বে বখাটেরা আলামিনকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আলামিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত রাজিবকে গ্রেফতার করে। পরে রাজিব জামিনে এসে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ এখনো ইমনসহ বাকি বখাটেদেরেকে গ্রেফতার না করায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা জানায়, আগামী ১২ ঘণ্টার মধ্যে বখাটেদের পুনরায় গ্রেফতার করা না হলে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে বন্ধ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!