ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শত কৃষকের ভাগ্য বদলে দিয়েছে তিলাই খাল

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ২৪ এপ্রিল ২০২০
শত কৃষকের ভাগ্য বদলে দিয়েছে তিলাই খাল
তিলাই খালে নির্মিত স্লুইসগেট

দিনাজপুর ফুলবাড়ীতে তিলাই খালের উপর স্লুইসগেট নির্মাণ হওয়ায় সেচ সুবিধার আওতায় এসেছে ৬৬৩ হেক্টর জমি। এতে দুশ্চিন্তা দূর হয়ে ভাগ্য বদলেছে শত শত কৃষকের।

২০১৩ সালে পৌনে তিন কোটি টাকা ব্যয়ে ফুলবাড়ী উপজেলার শিবনগরে তিলাই খালের উপর স্লুইসগেটটি নির্মাণ করা হয়। একইসঙ্গে স্লুইসগেটের মূল জায়গা থেকে দুই পাশে ১০ কিলোমিটার খান নতুন করে খনন করা হয়।

এর আগে ওই এলাকায় অধিকাংশ জমি পানির অভাবে অনাবাদী পড়ে থাকত। স্লুইসগেট নির্মাণ ও খাল পুনঃখনন করায় বিগত সাত বছর ধরে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পাচ্ছে কৃষকরা।

কৃষক রমজান আলী বলেন, খালের পানি স্লুইসগেট হয়ে দুই পাশের সাড়ে ছয়শ হেক্টর জমিতে যাচ্ছে। এতে আগের চেয়ে তিনগুণ ফসল হচ্ছে। আমাদের ভাগ্য খুলে গেছে।

সাইফুল ইসলাম নামে আরেক কৃষক বলেন, আগে সেচের জন্য পানি চড়া দামে কিনতে হতো। এখন খাল থেকে বিনামূল্যে পানি পাচ্ছি। তিলাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে এক টাকাও দিতে হচ্ছে না।

স্থানীয় কানাই লাল রায় বলেন, তিলাই খালের উপর স্লুইসগেট নির্মাণের পর থেকে সারাবছর পানির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বেড়েছে। এতে বাড়তি আয়ের সুযোগ পাওয়া যাচ্ছে।

তিলাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মইদুল ইসলাম জানান, এরইমধ্যে সরকারিভাবে খালের দুই পাড় সম্প্রসারণ করা হয়েছে। এতে সারাবছর পানি প্রবাহের নিশ্চয়তা পাওয়া গেছে। পাশাপাশি স্লুইসগেটও ক্ষতিগ্রস্ত হচ্ছে না।

ফুলবাড়ী এলজিইডি’র প্রকৌশলী শাহিদুজ্জামান জানান, এ এলাকার কৃষিতে বিপ্লব ঘটাতে ও কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে তিলাই খাল পুনঃখনন ও স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। এখন সুফল ভোগ করছে শত শত কৃষক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!