লিটনের সাফল্যের রহস্য জানালেন ম্যাকেঞ্জি
জাতীয় দলে অভিষেকের সময়েই অনেক ক্রিকেটবোদ্ধা লিটন দাসকে বহু আশার বাণী দিয়েছিলেন। তবে পাঁচ বছরের ক্যারিয়ারে সেই আশা খুব কমই পূরণ করতে পেরেছেন তিনি। অবশ্য শেষ সিরিজটা দুর্দান্ত কেটেছে এই ওপেনারের। মূলত নিজের কিছু ব্যাপারে লাগাম টানার কারণেই লিটন এমন সাফল্য পাচ্ছেন বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি।
সবশেষ জিম্বাবুয়ে সিরিজটা স্বপ্নের মতো কাটিয়েছেন লিটন দাস। ওয়ানডে সিরিজে দু'টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, যার ভেতর একটি ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ ইনিংস। তবে ক্যারিয়ারের শুরুর দিকে অল্প রানে আউট হওয়াই নিয়মিত ব্যাপার ছিল তার জন্য। সেখান থেকে কিভাবে এলো এমন পরিবর্তন?
এ ব্যাপারে ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাকেঞ্জি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটটা তরুণদের জন্য কঠিন জায়গা। পাঁচ বছর হয়তো কঠিন সময়। লিটন কিন্তু দলে আসা যাওয়ার মাঝে ছিল। তবে এই সময়ে সে আরো পরিপক্ক হয়েছে।
.png)
ম্যাকেঞ্জি আরো যোগ করেন, সে শট খেলতে পছন্দ করে। তবে আগে উইকেটে এসেই মারার চেষ্টা করতো। এখন নিজের এই দিকটায় লাগাম টেনেছে। বল বুঝে খেলার চেষ্টা করছে। তাই এখন লিটন বেশি সাফল্য পাচ্ছে। সে দলে তার দায়িত্ব সম্পর্কে জানে। আমার মনে হয় নিজেকে খেলার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়টা সে আয়ত্ত্ব করতে পেরেছে।