রাসূলের (সা.) হাদিস (পর্ব-৬)
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন,
‘নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের।’ (সূরা : বাকারা, আয়াত : ২২২)।
বিশ্বনবী রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২৩)।
ইসলামি শরীয়ত মুমিন মুসলমানকে তার জীবনের সর্ব পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার নির্দেশ দিয়েছে। মহানবী রাসূলুল্লাহ (সা.) এর জীবনচরিত পাঠ করলে এমন কিছু সুন্নতের খোঁজ পাওয়া যায়- যা বিভিন্ন ধরনের রোগ-বালাই প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানীদের পরামর্শের অনুকূল। হাদিসগুলো ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে চলবে। ইনশাআল্লাহ!
আরো পড়ুন >>> রাসূলের (সা.) হাদিস (পর্ব-৫)
প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক উল্লেখযোগ্য কিছু হাদিস তুলে ধরা হলো-
মসজিদ পরিষ্কার রাখা :
রাসূলুল্লাহ (সা.) মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা মসজিদের মর্যাদার দাবি হলে জনসমাগমের স্থান হিসেবে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও বিশেষ গুরুত্ব বহন করে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ (সা.) পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করার এবং তা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার নির্দেশ দিয়েছেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৫৫)।