ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রংপুরে ট্রাক কেড়ে নিল চার অটোরিকশা যাত্রীর প্রাণ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮, ২৬ এপ্রিল ২০২০
রংপুরে ট্রাক কেড়ে নিল চার অটোরিকশা যাত্রীর প্রাণ
ছবি: সংগৃহীত

রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কলেজছাত্র ছাড়া বাকি সবাই আকিজ বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করেন। আহতদের মধ্যে দুই অটোরিকশা চালকও রয়েছেন। হতাহতদের বাড়ি পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।  

নিহতরা হলেন, মর্জিনা বেগম, এজাজ আলী, রঞ্জীতা বেগম ও শিক্ষার্থী রিপন চন্দ্র। রিপন রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, রংপুরের হাজিরহাটের আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজ করতে রোববার সকালে কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রাম থেকে তারা দুটি অটোরিকশায় করে রওনা দেন। পথিমধ্যে পাগলাপীর এসে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশা দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!