স্বরাষ্ট্রমন্ত্রী দেশে, পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম
‘দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে নিরাপত্তা দিতে পারেন না, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না’- এমন ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলেও অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে জনগণের নিরাপত্তা কে নিশ্চিত করবে- প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারের এ ব্যর্থতা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, “তিনি অন্তর্বর্তী সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূসের অধীনে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পাওয়া সহ তাঁর ব্যক্তিগত অনেক অর্জন থাকলেও বিদেশে দেশের মানুষের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন।”
তিনি আরও উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক চুক্তি করা সত্ত্বেও সেখানেই ড. ইউনূসকে হেনস্তার শিকার হতে হয়েছে। এটিকে পররাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করে এ দায় তাঁকেই নেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম।
মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।