মেসির চোটের দিনে বার্সার জয়
লা লিগার ভিয়ারিয়ালে বিপক্ষে দারুন জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে মঙ্গলবার রাতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। এদিন ঊরুতে ব্যথা পান মেসি। এ জন্য দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি তিনি।
তিনটি গোলই হয় প্রথমার্ধে। কাম্প নউয়ে অঁতোয়ান গ্রিজমান ও আর্থার মেলোর গোলে ১৫ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। সান্তি কাসোরলার গোলে ব্যবধান কমায় ভিয়ারিয়াল।
সব ধরনের প্রতিযোগিতায় দুই ম্যাচ পর জয় পেল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর লা লিগায় ২-০ ব্যবধানে হারে গ্রানাদার বিপক্ষে।
চোট কাটিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে খেললেন লিওনেল মেসি। অধিনায়ককে পেয়ে যেন বদলে গেল বার্সেলোনার শরীরী ভাষা। মাত্রই রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই তারকা শুরু থেকে ভীতি ছড়ান ভিয়ারিয়ালের রক্ষণে।
ক্লাবের হয়ে লা লিগায় শুরুর একাদশে নিজের চারশতম ম্যাচ খেলা মেসির দারুণ কর্নারই বার্সেলোনার প্রথম গোলের উৎস। দুই খেলোয়াড়ের মাঝে থাকলেও তাদের পাহারা এড়িয়ে জায়গা করে নিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন গ্রিজমান। পোস্টে লেগে বল জড়ায় জালে।
পঞ্চদশ মিনিটে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন আর্থার। দলে ফেরা সের্হিও বুসকেতসের বাড়ানো বল পেয়ে ২৫ গজ দূর থেকে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তাকিয়ে দেখা ছাড়া করার কিছু ছিল না ভিয়ারিয়াল গোলরক্ষকের।
লা লিগায় চলতি আসরে বার্সেলোনা পেল তৃতীয় জয়। তিনটিই ঘরের মাঠে। ৬ ম্যাচে ভালভেরদের দলের পয়েন্ট ১০।
৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গ্রানাদা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে আথলেতিক বিলবাও ও রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদ, সেভিয়া ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১০।
ডেইলি বাংলাদেশ/আরএ