ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মণিরামপুরে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২০
মণিরামপুরে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহত সুকান্ত বিশ্বাস

যশোরের মণিরামপুরে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে পৌর শহরের ভগবান পাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে মরদেহটি পাওয়া যায়।

নিহত সুকান্ত বিশ্বাস ওই উপজেলার পাঁচকাটিয়া গ্রামের শিশির বিশ্বাসের ছেলে। তিনি যশোর বিসিএমসি কলেজের প্যাথলজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন। 

স্বজনরা জানান, সুকান্তদের মণিরামপুর পৌর শহরের ভগবান পাড়ায় বাড়ি আছে। মায়ের মৃত্যুর পর পরিবারের সবাই গ্রামে চলে যায়। এরপর মাঝেমধ্যেই শহরের বাড়িতে এসে একা থাকতেন সুকান্ত।

শুক্রবারও এসেছিলেন। এরপর আর গ্রামে ফেরেননি। শনিবার থেকে তার মোবাইলও বন্ধ ছিল। রোববার সন্ধ্যায় বন্ধুরা সুকান্তকে ডাকতে আসে। সাড়া না পেয়ে ঘরের জানালা খুলে তারা সুকান্তকে ঝুলতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাদের ধারণা, শনিবার রাতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়েছেন সুকান্ত।

মণিরামপুর থানার এসআই জহির রায়হান জানান, এ ঘটনায় নিহত ছাত্রের বাবা একটি অপমৃত্যু মামলা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায় নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!