ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়তি টাকা ফেরত দিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ২০ নভেম্বর ২০১৯
বাড়তি টাকা ফেরত দিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ 
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেয়া বাড়তি টাকা ফেরত দিচ্ছে জে.কে.এম.বি মল্লিক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা ও মকসুদপুরের ইউএনও তাসলীমা আলীর নির্দেশে এসব বাড়তি টাকা ফেরত দেয়া হচ্ছে। এর আগে ডিসি ও ইউএনও বরাবারে শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড ও কেন্দ্র ফি’র বাইরে বাড়তি টাকা আদায়ের অভিযোগটি করেন ওই বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সদস্য খলিলুর রহমান।

সম্প্রতি জে.কে.এম.বি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড ফি, কেন্দ্র ফি ছাড়াও কোচিং ফি’র নামে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আদায় করা হয়। এমন অভিযোগ উঠার পর ডিসি ও ইউএনও’র নির্দেশে শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়া হচ্ছে। ওই বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ১৯৩ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। 

Advertisement

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল শাহা জানান, ইউএনও’র নির্দেশ পাওয়ার পর এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়তি নেয়া টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়া হচ্ছে। বিজ্ঞান বিভাগে এক হাজার ৯৭০ টাকা, মানবিক ও ব্যবসায় বিভাগে এক হাজার ৮৫০ টাকা ফি নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এর বাইরে কোনো ধরনের ফি নেয়ার বিধান নেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, তিনি মানবিক বিভাগের ছাত্র। প্রতি বিষয়ে পাসের পরও তিন হাজার টাকায় ফরম পূরণ করতে হয়েছে। বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের বাড়তি নেয়া টাকা ফেরত দিলেও কিছু শিক্ষার্থী টাকা ফেরত পায়নি।

মকসুদপুরের ইউএনও তাসলীমা আলী বলেন, বোর্ডের নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা নেয়ার অধিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেই। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বিষয়টি তদারকি করা হচ্ছে। 

গোলাপগঞ্জের ডিসি শাহিদা সুলতানা বলেন, এসএসসিসহ সমমনা পরীক্ষায় বোর্ডের নির্ধারিত ফি’তে ফরম পূরণ করতে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও’দের তদারকি করতে বলা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!