ব্রহ্মপুত্র নদ থেকে তোলা হচ্ছে বালু
কুড়িগ্রামের রৌমারীর ব্রহ্মপুত্র নদ থেকে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। প্রতিদিন শত শত ট্রাক্টর ব্রহ্মপুত্র নদের পাড় কেটে অবৈধভাবে বালু তোলে পুকুর ও বসতভিটা ভরাট করছে। এতে পানি নিষ্কাশনের বাধার সৃষ্টি হচ্ছে।
বন্দবেড় ও রৌমারী সদর ইউপির শহরতলির হাজার হাজার মানুষ বালু ভর্তি ট্রাক্টর ও ট্রলির চলাচলের বিকট শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন। ট্রাক্টরের শব্দ ও হর্নে রাস্তার উভয় পাশের বসতবাড়ির লোকজন চরমভাবে দুর্বিষহ জীবন যাপন করছেন।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত একটানা বালু ভর্তি ট্রাক্টরগুলো অবিরাম দ্রুত গতিতে চলায় দিনে ১৫টি স্কুল, তিনটি মাদরাসা, চারটি কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে সড়কে চলাচল করতে পারছে না।
.png)
দ্রুতগতির ট্রাক্টরের ভয়ে শিক্ষার্থীরা দুর্ঘটনার আশঙ্কা নিয়ে সড়ক পারাপার করছেন। রৌমারি সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীরাও দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্কুলে পাঠাতে ভয় দেখা দিয়েছে অভিভাবকদের।

এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতে পারছেনা। অতি শব্দে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বালু ভর্তি ট্রাক্টরগুলো এতো বিকট শব্দে চলে যে, আশপাশের বসতবাড়ির ছোট-ছোট শিশুরা দিনের বেলায় ঘুমাতেও পাচ্ছেনা।
বিকট শব্দ শুনে শিশুরা কান্না ও ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছে। ট্রাক্টরের বিকট শব্দে শব্দ দূষণ ও রাস্তায় পড়া বালু ও ধূলোয় পরিবেশ দূষিত হচ্ছে। এর ফলে আশপাশের বসতবাড়ির লোকজন শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। বিকট শব্দে অসুস্থ ব্যক্তিরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে।
এছাড়াও এখানকার সাতটি মসজিদের মুসল্লিরা বিকট শব্দে নামাজ আদায়ে অসুবিধায় পড়ছেন। প্রতিদিন রৌমারী হতে চিলমারী-কুড়িগ্রামের যাত্রী ও উপজেলা পরিষদগামী হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রাস্তা চলাচল করতে হয়।
স ন
বালুভর্তি অতি এসব ট্রাক্টর এখানে নির্বিঘ্নে চলাচল করায় সরকারের গ্রামীণ জনপদের রাস্তাঘাট ভেঙে গিয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় কুটিরচর গ্রামের পথচারী লিটন মিয়া জানান, ট্রাক্টরের ভয়ে রাস্তায় ঠিকমতো চলাচল করতে পাচ্ছি না। এসব ট্রাক্টর চলাচলের সময় সড়ক ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে হয়। এতে দুর্ঘটনার আশঙ্কায় কাটে দিন। তিনি এসব ট্রাক্টর চলাচল রোধ ও ব্রহ্মপুত্র নদের বালু তোলা বন্ধে প্রশাসনিক পদক্ষেপ নেয়ার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, বালু তোলার কাজে ব্যবহৃত এসব ট্রাক্টরের কারণে রাস্তায় ভাঙন, শব্দ দূষণ ও মানুষের চলাচলে দুর্ঘটনার কারণ হচ্ছে। অনভিজ্ঞ ও কম বয়সী চালকেরা পাল্লা দিয়ে এসব ট্রাক্টর দ্রুত গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনা, বসতবাড়ি ও জানমালের ক্ষতি করছে।
তিনি আরো বলেন, কৃষি বান্ধব সরকারের ভর্তুকি দেয়া এসব ট্রাক্টর কিছু কৃষক জমি চাষাবাদে ব্যবহার না করে এখন মালবাহী হিসেবে ব্যবহার করায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে চলছে। কেড়ে নিয়েছে কোমলমতি স্কুল শিক্ষার্থীসহ বেশ কিছু প্রাণ।
রৌমারী ইউএনও আল ইমরান বলেন, উপজেলা মাসিক সমন্বয় সভায় চলতি এসএসসি পরীক্ষা চলাকালীন সময় ট্রাক্টর চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদ থেকে বালু তোলার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।