বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ
বাংলাদেশ বিমান বাহিনীর ১১২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদ ও ট্রফি বিতরণ করেন।
বুধবার বিমান বাহিনী ঘাঁটি বাশার এর কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠানের মাধ্যমে এ সনদ বিতরণ করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ জন, ভারতীয় বিমান বাহিনী, নাইজেরিয়া বিমান বাহিনী, শ্রীলংকা বিমান বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর এক জন করে কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. এহতেশামুল হক জিডি (পি) ‘বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট ও ট্রফি’ লাভ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে উত্তীর্ণ সব কর্মকর্তাকে দিকনির্দেশনা মূলক প্রেরণা দেন। এছাড়া এ কোর্সে কর্মকর্তা পাঠানোর জন্য ভারত, নাইজেরিয়া, শ্রীলংকা ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান।
এরআগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুশতাকুর রহমান তার স্বাগত বক্তব্যে উল্লেখিত কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি মিশনের কূটনীতিক/সামরিক উপদেষ্টারা উপস্থিত ছিলেন।